নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারের গাছ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৩৭) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত গাছ কাটা শ্রমিক বারইগ্রামের আমিন আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বারইগ্রাম এলাকার নজিব আলীর বাড়িতে গাছ কাটছিলেন এই শ্রমিক। একটি গাছের অগ্রভাগ কাটার সময় তিনি গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাউতা ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন জানান, দুর্ঘটনায় মৃত ব্যক্তি পেশাদার গাছ কাটা শ্রমিক। পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত না করতে প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে।
