জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশিদ মামুন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের সালির ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত যুবকের বাড়ি ফতেপুর ইউনিয়নের হেমু মাঝেপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র ও ইউপি সদস্য ফারুক আহমদের ছোট ভাই। আহতরা হলেন একই গ্রামের জাবেদ আলীর পুত্র কাওছার আহমদ (১৮) ও সওয়াব আলীর পুত্র আনিছুর রহমান (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে জুম্মার নামাজ শেষ করে ৩ বন্ধু মোটরসাইকেল নিয়ে দরবস্ত এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দেন। পথিমধ্যে তামাবিল মহা সড়কের সালির ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের পিছন দিকে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মামুনুর রশিদ মামুন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনতা তাদের উদ্বার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সিলেট তামাবিল রাস্তা অবরোধ করে রাখেন। অন্তত ১ ঘন্টা রাস্তা অবরোধ থাকায় যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
জৈন্তাপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে প্রশাসনের আশ্বাসে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ সড়ক দূর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
