নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ প্রায় ২শত জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার লাখাই থানার এসআই ফজলে রাব্বি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
ওসি বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামীদের গ্রেফতার করতে পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বামৈ বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর থেকেই লাখাইয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
