জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ২ বন্ধু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে অপর ১জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীপুর আসামপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল জাফলং বস্তির আব্দুল আহাদের পুত্র সাকরান হাসান (১৫) ও একই এলাকার প্রবাসী আকবর আলীর পুত্র মো: শাহীন আহমদ (১৫)। তারা দুজনেই জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।
আহত যুবক জৈন্তাপুর নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের নবু মিয়ার পুত্র মামুন আহমদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহী ২ বন্ধু জাফলং থেকে জৈন্তাপুরে আসার পথে অপর আহত যুবক মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর থেকে জাফলং যাওয়ার পথে আসামপাড়ায় একটি ট্রাক গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী ৩ জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর হাসপাতালে ও পরবর্তীতে অবস্থা গুরুত্বর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসমানীতে যাওয়ার পর মো: শাহীন আহমদ মারা যান। পরবর্তী চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে সাকরান হাসানও মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান, জৈন্তাপুরে শ্রীপুর আসামপাড়া এলাকায় একটি ট্রাক গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
