আলোচিত সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা গোটাটিকরের হবিনন্দী গ্রামের মাহবুব এলাহী লিখনের মেয়ে আনিকা বিনতে মুনতাহা (১৫) এবারকার এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার দেশজুড়ে বেরুনো সোনালীকন্যাদের ভিড়ে আছে মুনতাহার নামও। কিন্তু সে সোনালী সাফল্যের কথা নিজে জেনে যেতো পারলো না মুনতাহা। বাড়ির পুকুরে মিলেছে তার নিথর দেহ। সে সাঁতার জানতো না।
তার এমন মৃত্যুতে পুরো হবিনন্দী গ্রামে বইছে শোকের ছায়া। এমন মৃত্যুতে শোকের মাতম বইছে মুনতাহার পরিবারে। তার পিতা-মাতাসহ স্বজনরা কোনোভাবেই কল্পনা করতেও পারছেন না মুনতাহা নেই।
মুনতাহার পারিবারিকসূত্রে জানা গেছে, রোববার রাতে বাবার কাছে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী মেয়ের আবদার সকালে মিষ্টি আনতে হবে। ভালো ফলাফলের প্রত্যাশা ছিলো তার চোখেমুখে। দারুণ মেধাবী সে ছোটবেলা থেকেই। রাত পেরিয়ে সকাল এলো।
সোমবার সকাল ১১টায় বাড়ির পুকুরের একপাশে তার নিথর দেহ পাওয়া যায়।
সে দক্ষিণ সুরমার গোটাটিকর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আজ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সে জিপিএ ৫ অর্জন করে। কিন্তু আনন্দের খবর আর জানা হলো না আনিকার ফলাফল জানার আগেই পৃথিবী থেকে বিদায় নিল।
স্বজনরা জানান, আনিকা ভালো ফলাফলের আশায় নফল রোজা রেখেছিলো। সকালে কোরআন তেলাওয়াত করে সে পাশের বাড়ি চাচাতো বোন আরেক এসএসসি পরীক্ষার্থীর সাথে দেখা করতে গিয়েছিলো। সম্ভবত সেখান থেকে ফিরে সে বাড়ির পুকুরে পা ধুতে গিয়ে পিছলে পড়ে গেছে।
পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে পুকুর পাড়ে আনিকার জুতা পড়ে থাকতে দেখেন। পরে পুকুরের একপাশে তার মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্বজনরা।
এ ঘটনায় মুনতাহার বাড়িতে বইছে শোকের মাতম। যা যেনো ছড়িয়ে পড়েছে পুরো হবিনন্দী গ্রামে।
