আলোচিত সিলেট ডেস্ক : ওসমানীনগরের গোয়ালাবাজারে পাওনা টাকার জামিনদার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ বাজারে ছড়িয়ে পড়লে ১ ঘন্টা সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ হয়ে পড়ে। সীমাহীন কষ্টের শিকার হন দুরপাল্লার যাত্রীগণ। আতংক ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা দোকাপাট বন্ধ করে পালাতে থাকেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ দাঙ্গা পুলিশ সাথে নিয়ে ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক হতাহতদের নাম ঠিকানা জানা যায়নি।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দক্ষিণ গোয়ালাবাজারে শশারকান্দি গ্রামের এলাইছ মিয়ার ছেলে শিপন (২৮) ও করনসি গ্রামের সৈয়দ আনোয়ার আলীর ছেলে সৈয়দ আরক আলী (২৭) এর মধ্যে পাওনা টাকার জামিনদার নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ দু’টি পক্ষের মধ্যে ছড়িয়ে গেলে
গোয়ালাবাজারের করনসি রোডে উভয়পক্ষে একে অপরকে লক্ষ্য করে কাঁচের বোতল ও ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। এসময় বাজারের মধ্যদিয়ে চলে যাওয়া সিলেট-ঢাকা মহাসড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানার তদন্ত ওছি মাসুদুল আমিন দাঙ্গা পুলিশ সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালান। পরিস্থিতি বেগতিক হলে পুলিশ ১০/১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে রাত ৮ টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসমানীনগর থানার তদন্ত ওসি মাসুদুল আমিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। হতাহতের খবর এখনো পাইনি। তবে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
উল্লেখ্য কয়েক বছর আগে গোয়ালাবাজারে দু’টি পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ওসমানীনগর থানার তৎকালিন ওসি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
