আলোচিত সিলেট ডেস্ক : নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও মামলা থেকে দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ১৯ নভেম্বর (শনিবার) সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে এ গণসমাবেশ।
গণসমাবেশ উপলক্ষে গত ১৫ দিন ধরে মাদরাসা মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মাঠ প্রস্তুত ও মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ। বৃহস্পতিবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সিলেট বিএনপি সূত্র।
এদিকে, দলীয় অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের পানির গাড়ি, রোলার ও কর্মীদের ব্যবহার করতে দেখা গেছে। তবে নির্ধারিত ফি'র বিনিময়ে সিসিকে যন্ত্র ও জনবল দিয়েছে সিসিক।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে আলিয়া মাদারসা মাঠে গিয়ে দেখা যায়, ব্যাপক তোড়জোড়ে চলছে মাঠ, প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। আর এ কাজে সহযোগিতা করছে সিসিকের কর্মচারীরা। এছাড়াও মাঠে পানি ছিটানোর কাজেও ব্যবহার করা হচ্ছে সিসিকের পানির গাড়ি ও মাটি সমতল করতে ব্যবহার করা হচ্ছে সিসিকের রোলার।
এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে লিখিত আবেদনের পর নির্ধারিত ফি দিয়ে সিসিক থেকে তারা কর্মী ও এসব গাড়ি ভাড়া নিয়েছে। শুধু বিএনপি-ই নয়, সিলেটে এমন হলে অন্যান্য দলও এরকম সিসিকের কাছ থেকে ভাড়া নেয়।
সূত্র : সিলেট ভিউ
