আলোচিত সিলেট ডেস্ক : সুনামগঞ্জে চার দফা দাবিতে দুই দিনের বাস ধর্মঘট চলছে। জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে। সকালে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
পরিবহন মালিক ও শ্রমিক সমিতির দাবিগুলো হলো— লামাকাজি সেতুতে বাসের টোল প্রত্যাহার, ব্যাটারিচালিত অটোরিকশা ও নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, বিআরটিসি বাস বন্ধ ও সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার করে আধুনিকায়ন করা।
তবে সীমিত পরিসরে সড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস, ইজিবাইকসহ ছোট ছোট যানবাহন চলাচল করছে। যাত্রীরা দ্বিগুণ ভাড়া দিয়ে জরুরি প্রয়োজনে চলাচল করছেন।
এর আগে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি জানায়, শুক্র ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত সিলেট-সুনামগঞ্জ সড়কে কোনো যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল করবে না।
সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, তিন দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে সকাল থেকে জেলার সুনামগঞ্জ, সিলেট, জগন্নাথপুর-ছাতক রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
