জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ভারতীয় মহিষ বোঝাই ট্রাক দূর্ঘটনায় গাড়ির চালক ও এক পথচারীসহ ২ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- খারুবিল গ্রামের মুজিবুল হকের পুত্র ট্রাক চালক এবাদুর রহমান এবাদ (২৬) ও পথচারী উপজেলার গুয়াবাড়ী গ্রামের আব্দুল হান্নানের পুত্র মো: রমজান আলী (২৫)।
জানা যায়, ভারত থেকে চােরাই পথে ৩টি মহিষ ডিআই ট্রাক যােগে উপজেলার হরিপুর বাজারে নিয়ে যাওয়ার পথে দ্রুত গতির ডিআই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দূর্ঘটনার কবলে পড়ে। এসময় গাড়ির ধাক্কায় এক পথচারী আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।
এছাড়া আহত দু'টি মহিষ ঘটনাস্থলে নিলামে ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়। অপর ১টি মহিষ ও দূর্ঘটনা কবলিত গাড়ী পুলিশ জব্ধ করে থানায় নিয়ে যায় ।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ১৯ বিজিবি সদস্য ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
জৈন্তাপুর রাজবাড়ি ১৯ বিজিবি ঘটনার বিষয়টি নিশ্চিত করে। এঘটনায় বিজিবি একটি মামলা দায়ের করেছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, দূর্ঘটনায় কবলিত গাড়িটি উদ্ধার ও ১টি মহিষ জব্ধ করা হয়েছে। দু'টি মহিষ নিলামে বিক্রি করা হয়েছে।
