গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ফাঁকা বাসা পেয়ে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার সরকারি এমসি একাডেমির পাশে একটি বাসায় এ চুরির ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী নাজমুস সাকিব তুহিন (১৮) বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত বেলাল আহমদের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাজমুস সাকিব তুহিন গত বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তার মাকে নিয়ে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যান। পরবর্তীতে তার মায়ের অবস্থা খারাপ হওয়ায় ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেন। হাসপাতালে ভর্তি করানোর ফলে তাদের বাসা একা হওয়ায় তার ফুফাতো ভাই মামুন আহমদকে বাসায় থাকার জন্য রেখে যান। ঘটনার দিন রাতে মামুন আহমদ শরীরে অসুস্থতা বোধ করলে রাত ১১ টার দিকে ঘরের দরজা বন্ধ করে সে তার বাড়িতে চলে যায়। এতে বাসা ফাঁকা হয়ে যায়। পরদিন রোববার সকাল ১০টার দিকে মামুন বাসায় এসে দেখতে পান ঘরের তালা ভাঙা ও দরজা খোলা। পরবর্তীতে সে সঙ্গীয় মকছুদ আহমদকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ঘরের সব জিনিসপত্র এলোমেলো ভাবে রয়েছে। সেই সাথে ঘরের ভিতরে থাকা আলমিরার ড্রয়ার গুলো বিছানার উপরে রাখা। তখন সে বিষয়টি ভুক্তভোগীকে জানান। সাথে সাথে ভুক্তভোগী বাসায় এসে দেখেন আলমিরার ভিতরে থাকা ৮ ভরি সোনা যার আনুমানিক মূল্য (৬ লাখ ৪০ হাজার) টাকা ও একই আলমিরায় থাকা নগদ ৫ লাখ টাকা চুরেরা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে ঘটনার দিন রাত ১১টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে চুরেরা বাসায় ঢুকে এঘটনা ঘটিয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ স্বারথী দাশ বলেন- চুরির একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করা হবে।
