আলোচিত সিলেট ডেস্ক : বাড়িতে চলছে বিয়ের ধুমধাম আয়োজন। রঙিন বাতিতে সাজানো হয়েছে গেট ও পুরো বাড়ি। বিয়ে করতে সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে আসেন কনে রুকেয়া খাতুন। আজ ছিল তার বিয়ের অনুষ্ঠান। আত্মীয়-স্বজনের আনন্দ-উল্লাসে বাড়িতে হৈহুল্লর চলছে। কিন্তু মুহুর্তেই সব আনন্দ মাটি হয়ে গেল। নিজ বাড়ির পুকুরে পড়ে মারা যান কনে।
সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরচন্ডি গ্রামে। মৃত রুকেয়া চরচন্ডী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছুরাব আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় রুকেয়ার। বধূ হওয়ার স্বপ্ন নিয়ে সম্প্রতি সপরিবারে যুক্তরাজ্য থেকে দেশে আসেন রুকেয়া খাতুন। চার বোন ও এক ভাইয়ের মধ্যে রুকেয়া সবার বড়। সোমবার সকালে পুকুরে পড়ে মারা যান তিনি।
রুকেয়ার চাচা তালেব আহমদ গোলাপ জানান, রুকেয়া ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মায়ের সঙ্গে বাড়ির পুকুর ঘাটে যান রুকেয়া। ঐ সময় অসাবধানতাবশত রুকেয়া পুকুরের পানিতে পড়ে যান। এ সময় তাকে পানি থেকে তোলার চেষ্টা করেন মা। তখন রুকেয়ার সঙ্গে তার মাও পানিতে ডুবে যেতে থাকেন।
এদিকে তাদের চিৎকার শুনে দৌড়ে এসে মা ও মেয়েকে উদ্ধার করতে পানিতে ঝাঁপ দেন তালেব আহমদ গোলাপ ও তার স্ত্রী। তারা রুকেয়ার মাকে জীবিত উদ্ধার করতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে যান রুকেয়া। পরে অচেতন অবস্থায় রুকেয়াকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিশ্বনাথ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘খবর পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র : ডেইলি-বাংলাদেশ
