আলোচিত সিলেট ডেস্ক : ধর্ম নিরপেক্ষ ও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও আধুনিক সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। এ লক্ষ্যকে সামনে রেখে “ধর্ম নিরপেক্ষ শিক্ষা ও নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৩ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা পরিষদ হলরুমে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন-সিলেট এমসি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু নাসের খান,ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আব্দুল কুদ্দুস, সরকারি অগ্রগামী স্কুলের শিক্ষক জামিল আহমদ ,শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, সিলেট ব্লু-বার্ড স্কুলের শিক্ষক নীলকান্ত দে, প্রমুখ।
সভায় মো.আব্দুল কুদ্দুস বলেন, শিক্ষা হবে সকল ধর্ম, বর্ণ ও মতের ঊর্ধ্বে—যেখানে প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ পাবে। ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। এর মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
অন্যদিকে, নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা বর্তমান সময়ের একটি বড় চ্যালেঞ্জ। তিনি জোর দিয়ে বলেন, পরীক্ষায় নকলের প্রবণতা রোধ না করলে শিক্ষার মান কখনোই উন্নত হবে না। এজন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। প্রযুক্তির সঠিক ব্যবহার, কঠোর নজরদারি এবং নৈতিক শিক্ষার প্রসার নকল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
