গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শেখ আলী হোসেন (৩৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় তার ঘর থেকে একটি রকেট লঞ্চার সেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পৌর এলাকার রণকেলী দিঘীরপাড় গোলোপাড় গ্রামে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও রকেট লঞ্চার সেলটি উদ্ধার করা হয়। রাতে উদ্ধারের পরদিন আজ বুধবার দুপুরে রণকেলী এলাকার একটি খালি মাঠে রকেট লঞ্চার সেলটি নিষ্ক্রিয় করে বোম স্কোয়াডের একটি টিম।
গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার রণকেলী দিঘীরপাড় গোলোপাড় গ্রামের শেখ সালেহ আহমদের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-৯ ঘটনাস্থলের পাশে গেলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা আসামিকে ধরে ফেলে। তবে ১/২ জন পালিয়ে যায়। আসামির দেওয়া তথ্যমতে তার ঘরের ড্রইং রুমের চেয়ার এর নিচ থেকে দুই পাশে ঢাকনাযুক্ত একটি সাদা রংয়ের প্লাস্টিকের পাইপ ও একটি রকেট লঞ্চার সেল (ট্যাংক বিধ্বংসী) জব্দ করা হয়। এসময় তার কাছে রকেট লঞ্চার সেল সম্পর্কে জানতে চাইলে আসামি কোন ধরণের বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি। পরবর্তীতে আসামিকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এঘটনায় র্যাব-৯ এর এসআই জাহিদুল ইসলাম বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একজনের নামোল্লেখ ও ১/২ জনকে অজ্ঞাত করে একটি মামলা (মামলা নং- ২৩, তাং-২৬/১০/২০২২ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন।
