বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান এর বিরুদ্ধে ১১০ কোটি টাকা মানহানীর মামলা দায়ের করা হয়েছে।
সিলেট ২ বিশ্বনাথ-ওসমানীনগরের সংসদ সদস্য মোকাব্বির খান এর ব্যক্তিগত সহকারি আহমদ কবির আদনান বাদী হয়ে আজ (২ অক্টোবর) সোমবার সকালে সিলেটে সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখিত তিন আসামির মধ্যে প্রধান আসামি হলেন উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হাজী কলমদর আলীর পুত্র পৌর মেয়র মুহিবুর (৭৫) অন্য দুই আসামি হলেন উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা আলী পাড়া গ্রামের লাল মিয়ার পুত্র সিতার মিয়া (৪৫) ও একই গ্রামের আলী মিয়া (৪০) নামের এক ব্যক্তি। এছাড়া এই মামলায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।
মামলার সাক্ষী হিসেবে রয়েছেন সাংসদ মোকাব্বির খান ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত সোরাব আলীর পুত্র হেলাল উদ্দিন (৩৫) ও উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত চমক আলীর পুত্র মোস্তাক আহমদ মোস্তফা।
মামলাটি সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৫, ২৯ ও ৩১ ধারা অনুসারে দ্রুত প্রতিবেদন দাখিল এর জন্য বিজ্ঞ আদালত পিবিআইকে নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জাকারিয়া খান বলেন, মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খান এমপির ব্যক্তিগত সহকারি আহমেদ কবির আদনান বাদী হয়ে মামলাটি দায়ের করছেন। এতে মুহিবুর রহমান সম্প্রতি সংসদ সদস্যের চলমান একটি প্রকল্প (মসজিদ) নিয়ে কটুক্তি ও প্রকল্পের অর্থ সংসদ সদস্যের সহকারীরা লুটপাট করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপলোড করেন। যে প্রকল্পের বিল এখনো উত্তোলন হয়নি। এতে সংসদ সদস্য মনঃক্ষুণ্ণ হন এবং তার সম্মানহানি হয়।
তিনি আরও বলেন, আদালতে মামলাটির পক্ষে ১১জন আইনজীবী আইনী প্রক্রিয়ায় মোকাবেলা করবেন।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেয়র মুহিবুর রহমান বলেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। মামলা হামলা কিছুই ভয় করি না। জনগণের পক্ষে আছি পক্ষেই থাকব।
