বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আঙ্গারুকা খালের উপর বিশ্বনাথ জিসি-পীরের বাজার জিসি জগন্নাথপুর হেডকোয়ার্টার রোডে ২৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ই অক্টোবর) সকালে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগরের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান এমপি।
তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য যে, বিশ্বনাথ-জগন্নাথপুরের মানুষ এই সেতুর উপর দিয়ে সবসময় চলাচল করলেও সেতুটি ভেঙে যাওয়ার দ্বারপ্রান্তে। ঠিকাদারী প্রতিষ্ঠান অতীতে কাজ নিয়ে গাফিলতির কারনে সেতুটির টেন্ডার বাতিল হয়েছিল।
আমি সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলোচনা করে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য আবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। এই ব্রিজ নির্মিত হলে বিশ্বনাথবাসীর একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, কেউর গড়িমসির কারণে যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় প্রশাসন ও সকলকে খেয়াল রাখতে হবে।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর জহুর আলী, সমাজসেবী সায়েক আহমদ, সাদেক আলী, নিজাম উদ্দিন, মোস্তাক আহমদ মস্তফা প্রমুখ।
