ওসমানীনগর প্রতিনিধি : বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিনে সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার কাশিকাপন বাজারে অবরোধ করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। পুলিশের টহল গাড়ি আসতে দেখে তখন অবরোধকারীরা মহাসড়ক থেকে চলে যায়।
পরে সকাল ১১ টায় একটি মোটরসাইকেল মহড়া দিয়ে দয়ামীরস্থ পেট্রোল পাম্পের উত্তরে গিয়ে মহাসড়ক অবরোধ করে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা। সেখানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দেয়। তখন দূরে পুলিশের গাড়ির উপস্থিতি লক্ষ্য করে বিএনপির নেতা কর্মীরা মহাসড়ক থেকে মোটরসাইকেল যোগে চলে যেতে দেখা যায়।
এদিকে, অবরোধের প্রথম দিনে মহাসড়কে চলেনি দূরপাল্লার যানবাহন। বন্ধ ছিল লোকাল বাস চলাচল। তবে মহাসড়কসহ স্থানীয় সড়কগুলোতে সিএনজি অটোরিকশা ও টমটম চলাচল করেছে। কিন্তু লোকাল রাস্তা ও মহাসড়কে সিএনজি অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সহিংসতা এড়াতে সর্বত্র ছিল পুলিশ বিজিবির টহল। পুলিশ ও বিজিবির টহলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেকেও থাকতে দেখা যায়।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন বলেন, অবরোধে বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কে পুলিশ ও বিজিবির টহল জোরদার ছিল। অবরোধে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
