ওসমানীনগর প্রতিনিধি : রাজধানীসহ সারাদেশে শেষ হয়েছে বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি।
কেন্দ্রীয় এই কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি সিলেটের ওসমানীনগরে। হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি নেতাকর্মীদের ।
মাঠে সরব নেই উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তা ছাড়া মাঠে নেই জামায়াতও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে থাকে।
তবে, রবিবার (২৯ অক্টোবর) বিকেলে বিএনপির ডাকা হরতাল প্রত্যাখ্যান করে উপজেলার তাজপুরে মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, ফেরদৌস খানঁ, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জুবায়ের আমিন প্রমুখ।
উপজেলা ঘুরে দেখা যায়, বিএনপি-জামাতের নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা অনেকটা অলস সময় পার করছেন। যান চলাচল স্বাভাবিক ও দোকানপাট খোলা রয়েছে নিত্যদিনের মতো। তবে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় রিকশা, সিএনজি, টমটম চলাচল অন্যান্য দিনের মতো চলাচল করতে দেখা যায়।
ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আমিন জানান, হরতালে বিশৃঙ্খলা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। হরতাল চলাকালে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
