রাজা মিয়া, বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথে পৌরসভা পরিষদের পক্ষ থেকে পৌরবাসীকে ময়লা আবর্জনা রাখার নির্দিষ্ট ডাস্টবিন এর ব্যবস্থা করা হয়। এ লক্ষ্যে বিশ্বনাথ পুরান বাজার ও নতুন বাজার সহ বিভিন্ন হাট বাজারে গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ডাস্টবিন গুলো রাখা হয়।
হাট বাজার গুলোতে রেস্টুরেন্ট ও বাসা বাড়ির ময়লা আবর্জনা এই ডাস্টবিনে ফেলার জন্য পৌরসভা থেকে বলা হয়েছে। এরপর থেকে অনেকেই এই নির্দেশণা মেনে ডাস্টবিনে ময়লা আবর্জনা রাখছেন বলে জানা গেছে। ডাস্টবিন গুলো সহজে ভরে গেলেও নিয়মিত পরিস্কার ও ময়লা আবর্জনা অপসারণের অভাবে ছড়াচ্ছে দুর্গন্ধ।
ব্যবসায়ীরা বলছেন ডাস্টবিনে ময়লা আবর্জনা ভরে গিয়ে দুর্গন্ধ হয়েছে কিন্তু সময়মত অপসারণের অভাবে চতুর্দিকে এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।
উপজেলা শহরের একমাত্র সড়কপথ বাসিয়া সেতুর উপর দিয়ে চলাচল করলেই একটি ডাস্টবিন রাস্তার পাশে দৃশ্যমান হয়,সেখানে ময়লাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত পোহালেই হাজার হাজার মানুষ এই সেতু অতিক্রম করে থাকেন। সকলের কাছে এই দুর্গন্ধ এখন বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।
পৌর অফিস সুত্রে জানা যায়, এই ডাস্টবিন গুলো বেশ কয়দিন আগে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে নিয়ে মেয়র মুহিবুর রহমান উদ্ভোধন করেছেন। তাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। খুবই শীঘ্রই ডাস্টবিন গুলো পরিস্কার পরিচ্ছন্নের ব্যবস্থা করা হবে।
