গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ঘাতক ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দু'জন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। এঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বর্তমানে তারা সিলেটের আখালিয়ায় বসবাস করছেন।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-১৬৮০) বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশাকে (সিলেট-থ ১১-৩৩৬৩) সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর এওলাটিকর নামক স্থানে সামনে থেকে ধাক্কা দেয়। এঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। সিএনজি অটোরিকশায় থাকা দু'জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা এসে গাড়িতে থাকা ৪জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দু'জন যাত্রী নিহত হয়েছেন। আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
