নিজস্ব প্রতিবেদক : সিলেটের ফেঞ্চুগঞ্জের এক তরুণীকে অপহরণ চেষ্টায় সিএনজি অটোরিকশাসহ গোলাপগঞ্জের ৩ তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এসময় আরও ২জন পালিয়ে যায়।
গত (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ উপজেলার শাহপরাণ টোল প্লাজার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় ওই তরুণীর নানী হামিদা বেগম (৬০) বাদি হয়ে শাহপরাণ (র.) এসএমপি থানায় একটি মামলা (মামলা নং-৬, তাং-১০/১২/২২ ইং) দায়ের করেন। হামিদা বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদে দেওলি ইউনিয়নের বিলাছড়া গ্রামের মৃত রফিক মিয়ার স্ত্রী।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- গোলাপগঞ্জ উপজেলার পৌর এলাকার ঘোগারকুল (পশ্চিমপাড়া) গ্রামের হাসিম আহমদ কর্ণেল'র ছেলে ফাহিম আহমদ (১৯), সদর ইউনিয়নের শেরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে শাহরিয়ার হোসেন রাব্বি (২০), ঘোগারকুল গ্রামের ফজলুর রহমানের ছেলে আলেক আহমদ (১৯)। পালিয়ে যাওয়া একজন রাবেল আহমদ (২০) ও জীবন আহমদ (২১)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৮/৯ মাস থেকে নানীর বাড়িতে থাকা ওই তরুণীকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছে মামলার এক নাম্বার আসামি ফাহিম আহমদ। পরবর্তীতে সে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সে একজন বখাটে হওয়ায় পারিবারিক ভাবে তার কাছে বিয়ে দিতে অসম্মতি জানানো হয়। এরপর থেকে বিভিন্ন সময় সে বাসার পাশে গিয়ে ওই তরুণীকে মানসিক ভাবে নির্যাতন করতো।
জানা যায়, ঘটনার দিন গত ৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে ওই তরুণী পারিবারিক কাজে শাহপরান গেইট এলাকায় আসেন। তখন আগে থেকে সেখানে ওতৎ পেতে থাকা আসামিরা ওই তরুণীকে জোর করে একটি সিএনজি অটোরিকশায় তুলেন। এসময় আসামি ফাহিম তার পকেট থেকে একটি চাকু বের করে ওই তরুণীর গলায় ধরে তাকে বিয়ে করার কথা বলে। বিয়েতে অসম্মতি জানালে প্রাণে মেরে ফেলবে বলে ভয় দেখায়।
আরো জানা যায়, আসামিরা ওই তরুণীকে সিএনজি অটোরিকশায় তুলে গোলাপগঞ্জ উপজেলার শাহপরাণ টোল প্লাজার কাছে আসা মাত্র ওই তরুণী জোর চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদেরকে ধরে ফেলে। এসময় ২জন আসামি পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন র্যাব-৯ এর টহল দলকে খবর দিলে তারা এসে তাদেরকে আটক করে।
এসময় র্যাব-৯ আসামিদের তল্লাশী করে তাদের কাছ থেকে চাকু, ক্ষুর, অপহরণ কাজে ব্যবহত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা (যার আনুমানিক মূল্য (৪ লক্ষ), একটি স্টিলের পাইপ জব্দ করে।
শাহপরাণ (র.) এসএমপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
