স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাবেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার মোহাম্মদ হারিস। শুক্রবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
আগামী বছরের জানুয়ারিতে মাঠে গড়াচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল। শিরোপার লড়াইয়ে নামার আগে ইতোমধ্যে দল ঘোচানো শুরু করে দিয়েছে নবম আসরে নাম লেখানো সাত দল। যেখানে পিছিয়ে নেই সিলেট স্ট্রাইকার্সও। ট্রফি খরা কাটাতে এবার তারা দলের নেতৃত্ব তুলে দিয়েছেন বিপিএলের সর্বাধিক শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার হাতে।
দলে ভিড়িয়েছে পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও ধনাঞ্জয়া ডি সিলভাকে। এবার তারা সে তালিকায় যুক্ত হলেন পাকিস্তানের তরুণ হার্ডহিটার মোহাম্মদ হারিস।
টি-টোয়েন্টি ক্রিকেটে একজন আদর্শ ব্যাটারের নমুনা কেমন হওয়া উচিত সেটা সে উদাহরণ চলতি বিশ্বকাপেই দিয়েছেন হারিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে তিনি ১১ বলে ৩ ছয় ও ২ বাউন্ডারিতে খেলেছেন ২৮ রানের দুর্দান্ত এক ইনিংস।
এরপর বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৮ বলে ১ চার ও ২ ছয়ে করেছেন ৩১ রান। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলেছেন ৩০ রানের ইনিংস। দ্রুত রান তোলার নৈপুণ্যতা দেখিয়ে তিনি জায়গা করে নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সে।
বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির ৬ তারিখ, আর পর্দা নামবে ১৬ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলে অংশগ্রহণ করছে মোট ৭টি দল। গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে।
