আলোচিত সিলেট ডেস্ক : আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে সিলেটের গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, জৈন্তাপুর উপজেলার শ্রীপুরসহ সবকটি পাথর কোয়ারী বন্ধ রয়েছে। এমন পরিস্থিতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ সকল পাথর কোয়ারী ব্যবস্থাপনা ও হালনাগাদের জন্য এক চিঠি প্রেরণ করেন। মন্ত্রীর চিঠি পাওয়ার পরপরই পাথর কোয়ারী সচল করণের লক্ষে সরজমিন পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাগণ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ের প্রতিনিধি দল জাফলং পাথর কোয়ারী এবং বিকেল ৩টায় বিছনাকান্দি পাথর কোয়ারী পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-টু অনুবিভাগের যুগ্মসচিব মো নায়েব আলী, বি.এম.ডি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান, জি.এম.বি ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম রফিকুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) রীপা মনি দেবী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সহসভাপতি এখলাসুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
পরিদর্শনে আসা প্রতিনিধি দলের সদস্যরা ভূমি জরিপ ম্যাপ অনুসারে পায়ে হেটে স্পট সমূহ তারা ঘুরে দেখেন এবং দীর্ঘদিন থেকে বন্ধ থাকার কারণে কোয়ারী সমূহের পাথরের মজুদ পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন।
