আলোচিত সিলেট ডেস্ক : ইসার বাবা শাহাব উদ্দিন এ বছর দক্ষিণ আফ্রিকায় মারা গেছেন। এখনও তাঁর লাশ দেশে পৌঁছেনি। অন্যদিকে ইসার স্ত্রী নাদিয়া আক্তার মুন্নীর কোলজুড়ে এ বছরই এসেছে কন্যাসন্তান। তবে বাবার মৃত্যু ও সন্তানের মুখ-কোনো কিছুই স্পর্শ করেনি তাঁকে। জঙ্গিবাদে জড়িয়ে তৃতীয়বারের মতো হিজরতের উদ্দেশ্যে ঘর ছেড়েছেন ইসা।
মে মাসে ঘর ছাড়ার পর প্রায় ৯০ দিন বেশ কয়েকটি জেলায় ঘুরে ঘুরে জঙ্গিদের গোপন আস্তানায় অবস্থান করছিলেন। সম্প্রতি ঘরছাড়া একাধিক তরুণের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে ইসার নামটিও সামনে আসে। এর পর অবাক হন গোয়েন্দারা। কারণ ২০২১ সালে জঙ্গিবাদে সংশ্নিষ্টতার ঘটনায় তাঁকে আটক করা হয়েছিল। এর পর ডি-র্যাডিক্যালাইজেশন কর্মসূচির আওতায় তাকে সুপথে ফেরানোর উদ্যোগ নেয় পুলিশ। যাওয়ার আগে ইসাও নিশ্চয়তা দেন- উগ্রবাদের পথে তিনি আর কখনও পা মাড়াবেন না। তবে সে প্রতিশ্রুতি রাখতে পারেননি ইসা। উল্টো পুরোনো অন্ধকার গলিতে পা রেখে সিলেট জেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতাকে হত্যার ছক কষেন।
